নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, গ্রামের রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ ও মাদ্রাসা নির্মাণের নথিগুলো অনেক ঘুরে দেরিতে পৌঁছায়। এসব ফাইল দ্রুত আসা দরকার।
শনিবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের ‘কার্যক্রম বিভাগে একটি নতুন ডিজিটাল ডাটাবেজ সিস্টেম স্থাপনের মাধ্যমে উন্নয়ন বাজেট ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালীকরণ’ প্রকল্পের ওপর কর্মশালার আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, ‘আমি স্টেশনে গেলেও ফাইল পাই, এয়রপোর্টে গেলেও ফাইল পাই। আমি এতে কিছু মনে করি না। আমার কাছে ওই ফাইলগুলো যায়, অন্য ফাইলগুলো যায় না। সেগুলো যেন এয়ারপোর্ট, স্টেশন, বিল হয়ে ঘুরে আসে। কিন্তু আমি চাই, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসার ফাইলগুলোও যেন দ্রুত আসে।’
এম এ মান্নান আরো বলেন, ‘আপনারা আমার কাছে যেকোনো সময় ফাইল নিয়ে আসতে পারেন। আমি স্বাক্ষর করব। জনগণের উপকার যেন হয়।’
এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দিন দিন একটা সম্পূর্ণ নতুন জগৎ আসছে। এটা বাংলাদেশে পরে আসবে। কারণ, আমরা বিজ্ঞানমনস্ক জাতি নই। অভিজ্ঞও নই। আমরা বিজ্ঞানকে সমীহ করি, কিন্তু বন্ধু ভাবি না। এটা আমাদের চরিত্রের মধ্যে বৈপরীত্য।’
কর্মশালায় প্রকল্প পরিচালক মো. ছায়েদুজ্জামান, পরিকল্পনা বিভাগের সচিব মো. নূরুল আমিন, কার্যক্রম বিভাগের প্রধান মো. খলিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

