আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে নয় আরোহীর সবাই মারা গেছে। শনিবার কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
দুই ইঞ্জিনের বিমানটি হনলুলু কাউন্টির মকুলেয়ার ডিলিংহাম বিমানঘাঁটির কাছে বিধ্বস্ত হয়। কিং এয়ারের বিমানটির কোনো আরোহী বেঁচে নেই বলে হাওয়াইয়ের যোগাযোগ বিভাগ এক টুইটে জানিয়েছে।
দুর্ঘটনাস্থলের ছবিতে কয়েক মাইল দূর থেকে বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসস্তুপের ধোঁয়া উড়তে দেখা গেছে। বিমানটি উড্ডয়ন নাকি অবতরণ করছিল তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি। বিমানটির অধিকাংশ আরোহী ছিল স্কাইডাইভার।
হনলুলু অগ্নিনির্বাপন বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টায় তারা বিমান বিধ্বস্তের খবর পেয়েছেন।
হাওয়াইয়ের অগ্নিনির্বাপন বাহিনীর প্রধান ম্যানুয়েল নিভস বলেন,‘এই মুহূর্তে পাওয়া প্রাথমিক তথ্য হচ্ছে বিমানে নয় আরোহী ছিল। তাদের কেউ বেঁচে নেই।’
তিনি বলেন, ‘এটা বেশ কঠিন সময়। হাওয়াইয়ে অগ্নিনির্বাপক হিসেবে ৪০ বছর কর্মরত অবস্থায় এটা সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনা।’

