আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন লেখিকা ই. জেন ক্যারল। দুই দশক আগে একটি ডিপার্টমেন্টাল স্টোরে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তিনি।
শুক্রবার নিউ ইয়র্ক ম্যাগাজিনে ক্যারলের লেখা ‘হোয়াট ডু উই নিড ম্যান ফর?’ বইয়ের উল্লেখযোগ্য অংশ প্রকাশ হয়। সেখানে পুরো ঘটনার বিবরণ দিয়েছেন তিনি।
ক্যারল লিখেছেন, ১৯৯৫ সালের শেষ দিকে কিংবা ১৯৯৬ সালের প্রথম দিকে ‘বার্গডফ গুডম্যান’ নামের বিলাসবহুল ডিপার্টমেন্টাল স্টোরে ট্রাম্পের সঙ্গে তার দেখা হয়। ওই সময় ট্রাম্প ‘কোটিপতি আবাসন ব্যবসায়ী’ বলে নিজের পরিচয় দেন এবং ওই সময় তিনি জানান, ‘এক মেয়ের’ জন্য উপহার কেনার জন্য এখানে এসেছেন। ট্রাম্প তার সঙ্গে গল্প জুড়ে দেন। এক পর্যায়ে তারা দুজন পরস্পরকে অন্তর্বাস কিনতে উৎসাহ দেন। পরে তারা ড্রেসিংরুমে যান এবং সেখানে ট্রাম্প তাকে ধর্ষণ করেন।
ক্যারল যে সময়ের কথা বলেছেন, ওই সময় ট্রাম্প ও তার বয়স ছিল ৫০ এর কোঠায়। ওই সময় ট্রাম্পের স্ত্রী ছিলেন মার্লা ম্যাপলস।
ক্যারল জানান, তিনি তার দুই বন্ধুকে ঘটনাটি খুলে বলেছিলেন। তাদের একজন ক্যারলকে পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তবে অপরজন বিষয়টি কাউকে না বলার এবং ভুলে যাওয়ার পরামর্শ দিয়ে বলেছিলেন, ‘এটা ভুলে যাও। তার ২০০ আইনজীবী আছে। সে তোমাকে সমাহিত করে ফেলবে।’
ট্রাম্প যথারীতি এই অভিযোগ ‘গালগল্প’ বলে উড়িয়ে দিয়ে বলেছেন, ‘এই লেখিকার সঙ্গে আমার কখনো দেখা হয়নি। তিনি তার নতুন বইয়ের কাটতি বাড়াতে চাইছেন… এটা তার ওই অপচেষ্টার কথাই বলছে। তার বই তো কল্পকাহিনী বিভাগে বিক্রি হওয়া উচিত।’

