আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধ চান না। তবে যুদ্ধ শুরু হলে ইরান নিশ্চিহ্ন হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র আলোচনার জন্য প্রস্তুত। তবে ইরানকে পারমাণবিক অস্ত্র উন্নয়নের কোনো সুযোগ তিনি দেবেন না।
গত সপ্তাহে মার্কিন ড্রোনে ইরানের হামলার জবাবে পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত থেকে শেষ সময়ে সরে আসার বিষয়ে ট্রাম্প জানিয়েছেন, তাকে বলা হয়েছিল পাল্টা হামলা চালালে ১৫০ জন ইরানি নিহত হবে।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি এটা পছন্দ করিনি। এটা উপযুক্ত হবে বলে আমি মনে করিনি।’
তিনি বলেন, ‘আমি এটা নিয়ে এক মুহূর্ত চিন্তা করলাম এবং বললাম, তারা একটি মনুষ্যবিহীন বিমান বা ড্রোন যেটাই বলুন না কেন, তা ভূপাতিত করেছে এবং আমরা এখানে ১৫০ জন মানুষের মৃত্যু নিয়ে বসে আছি, যা আমি এগুনোর আধা ঘণ্টার মধ্যে সম্ভবত কার্যকর হবে।’
বৃহস্পতিবার ইরানের বিপ্লবী বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, দেশের দক্ষিণাঞ্চলে একটি মার্কিন গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে তারা। যুক্তরাষ্ট্র অবশ্য দাবি করেছে তাদের ড্রোন আন্তর্জাতিক আকাশসীমাতেই ছিল। অবৈধভাবে ইরান এই ড্রোন ভূপাতিত করেছে।

