নিজস্ব প্রতিবেদক : তামাকের কারণে প্রতিবছর পৃথিবীতে ৭০ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে। তার মধ্যে পরোক্ষ ধূমপানে বছরে ৯ লাখ মানুষ মারা যায়।
বিশ্ব তামাকমুক্ত দিবস ২০১৯ উপলক্ষে বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবলু কুমার সাহা এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশে তামাকের ভয়াবহতা ব্যাপক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০০৪ সালের গবেষণা মতে, বাংলাদেশে ধূমপান ও তামাক সেবনের কারণে ১২ লাখ মানুষ ৮টি প্রাণঘাতি অসংক্রামক রোগে আক্রান্ত হয়। তার মধ্যে ৩ লাখ ৮২ হাজার মানুষ অকালে পঙ্গুত্ব বরণ করে। টোব্যাকো এটলাস শিরোনামে আন্তর্জাতিক এক প্রকাশনায় দেখা গেছে, বাংলাদেশে তামাকজনিত রোগে ১ লাখ ৬১ হাজারের অধিক মানুষ মারা যায়।

