নিজস্ব প্রতিবেদক: শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনে বিদেশ থেকে শিক্ষক আনার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতার সময় অর্থমন্ত্রী অসুস্থ বোধ করায় তার পক্ষ থেকে বাজেট বক্তৃতায় এই প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় জাপানের সম্রাট মেইজির উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, মেইজির সময়ে জাপান শিক্ষায় অনগ্রসর ছিল। তখন তিনি অনুধাবন করেন জাপানে ছাত্রের অভাব নেই আছে উপযুক্ত শিক্ষকের অভাব। তাই তিনি প্রযুক্তি নির্ভর প্রশিক্ষিত কয়েক হাজার শিক্ষককে জাপান নিয়ে আসেন। এভাবে জাপান জ্ঞান বিজ্ঞানে অগ্রসর হয় এবং পাশ্চাত্যের দেশগুলোকেও ছাড়িয়ে যায়।
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত শিক্ষা বাজেটে উপযুক্ত শিক্ষক বাছাই ও প্রশিক্ষণের পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবকে মাথায় রেখে শ্রেণিকক্ষ তৈরি করার বিষয়েও জোর দেয়া হয়। ন্যানো টেকনোলোজি, রোবটিক্স, ব্লক চেইন ম্যানেজমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়ে জোর দেয়ার কথাও জানানো হয়। সেই লক্ষ্যে ‘ডিজিটাল প্রাথমিক শিক্ষা’ নামে একটি পাইলট প্রকল্পের কথা জানানো হয়। এতে ৫০৩টি মডেল বিদ্যালয়ে ইন্টারঅ্যাক্টিভ ক্লাসরুম তৈরি হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সময় এসেছে জাপানের সম্রাট মেইজিকে অনুসরণের এবং শিক্ষার উন্নয়নে এসব কাজ আমরা কাল থেকেই শুরু করতে চাই।’

