আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসেছে। নির্বাচনে বিজেপি জয়লাভের পর থেকেই ভারতের বিভিন্ন স্থানে মুসলিমদের ওপর নির্যাতনের খবর আসছে। সেই চিত্রের আবারও দেখা দিলো উত্তর প্রদেশের রাজধানী লখনৌয়ে। বোরকা না খোলায় সেখানে এক নারীকে মেট্রোয় উঠতে দেয়া হয়নি। এসময় হেনস্থার শিকার হন ওই নারী।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লখনৌ মেট্রোতে ওঠার সময়ে একই পরিবারের পাঁচ মহিলাকে বোরকা খুলতে বলা হয়। তারা সেই নির্দেশ মানতে রাজি না হওয়ায় মেট্রোয় উঠতে বাধা দেওয়া হয়। মঙ্গলবার মাইওয়াইয়া স্টেশন থেকে তারা মেট্রোয় উঠতে গেলে তাদের বোরকা খুলতে বলা হয়।
ওই মহিলারা জানিয়েছেন, কোনো মহিলা নিরাপত্তারক্ষী চাইলে তাদের সার্চ করতে পারেন, কিন্তু বোরখা খোলার প্রশ্নই ওঠে না। সেই সময়ে স্টেশনে কোনো মহিলা নিরাপত্তারক্ষী না থাকায় মেট্রোয় ওঠার অনুমতি দেওয়া হয়নি। এরপর তারা টিকিটের টাকা ফেরত নিয়ে চলে আসেন।
পরিবারের মহিলাদের থেকে এই অভিজ্ঞতা শুনে লখনৌ মেট্রো রেল কর্পোরেশনকে লিখিত অভিযোগ জানিয়েছেন পরিবারের প্রধান মাজ আহমেদ। লখনৌ মেট্রোর জনসংযোগ কর্মকর্তা পুষ্পা বেলানি জানিয়েছেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং সেদিন ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

