নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর আগামী ২০২১ সালের ১৬ ডিসেম্বর মেট্রোরেল চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেল নির্মাণের অগ্রগতিবিষয়ক সভা শেষ তিনি এ কথা জানান।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মেট্রোরেলের কাজ যেভাবে দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে তাতে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর আগামী ২০২১ সালের ১৬ ডিসেম্বরে মেট্রোরেল চালু করতে পারব।
তিনি বলেন, ঢাকা মহানগরীর যানজট নিরসন ও গণপরিবহনের সক্ষমতা বাড়াতে ২০৩০ সালের মধ্যে আরো ছয়টি মেট্রো রুটের সমন্বয়ে একটি শক্তিশালী মেট্রোরেল নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।
মন্ত্রী বলেন, এ বছরের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পূর্ত কাজ শেষ হবে। অন্যদিকে, মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত পূর্ত কাজ শেষ করতে ২০২০ সাল পর্যন্ত সময় লাগবে। এর বাইরেও আরো কিছু কাজ আছে।
ওবায়দুল কাদের বলেন, ২০২১ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সম্পূর্ণ রুটের ট্রায়াল রান শেষে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে দেশের প্রথম মেট্রোরেল।

