নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শেষ হচ্ছে আজ। রোববার পাওয়া যাচ্ছে ৪ জুনের টিকিট।
গত কয়েক দিনের তুলনায় আজ কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে ভিড় করেছেন টিকিটপ্রত্যাশীরা। টিকিট পেতে কেউ দাঁড়িয়েছেন গতকাল মধ্যরাত থেকে আবার কেউবা সন্ধ্যা থেকেই অপেক্ষা করছেন।
তবে শেষ সুযোগ একটি থাকছে। ২২ থেকে ২৬ মে পর্যন্ত অনলাইন ও কাউন্টারে বিক্রি না হওয়া টিকিট ২৮ মে (মঙ্গলবার) থেকে ক্রমান্বয়ে পুনরায় অ্যাপ ও কাউন্টার থেকে বিক্রি হবে। ঈদযাত্রা শুরু হবে ৩১ মে থেকে।
এদিকে ‘রেলসেবা’ নামক অ্যাপ নিয়ে ধীরগতির অভিযোগ রয়েছে। অ্যাপে কারও কারও টাকা কেটে নিলেও টিকিট মেলেনি। ফেরত পাচ্ছেন না টাকা।
তবে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়াজাহান জানিয়েছেন, কাউন্টার কিংবা অ্যাপের মাধ্যমে টিকিট পাচ্ছেন না-এমন অভিযোগ সত্য নয়। আমরা প্রতিদিন টিকিট বিক্রি করছি। সীমিত টিকিট, তাই কাউন্টার থেকে সবাইকে টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না। অ্যাপেও প্রচণ্ড চাপ।
একই সঙ্গে প্রায় ৩ লাখ মানুষ হিট করছেন। যাদের মধ্যে ৫ থেকে ৭ শতাংশ টিকিট কাটতে পারছেন। অ্যাপেও সীমিত টিকিট রয়েছে। যাদের টাকা কেটে নেয়া হয়েছে, তাদের টাকা ৮ দিনের মধ্যে নিজ নিজ নম্বরে চলে যাবে।
এদিকে, ৫ জুন ঈদ হতে পারে সেই হিসেবে সবচেয়ে বেশি চাহিদা তিন ও চার তারিখের জন্য। আজ রোববার কমলাপুরসহ অন্যান্য জায়গায় দেয়া হচ্ছে চার তারিখের ট্রেনের টিকেট।
কমলাপুর স্টেশন থেকে দেওয়া হচ্ছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী এবং খুলনা অঞ্চলের জন্য। কমলাপুর স্টেশন ও বিমানবন্দর স্টেশনে টিকিটপ্রত্যাশীদের ভিড় থাকলেও আগাম টিকেট দেয়ার অন্য স্থানগুলোতে তেমন একটা ভিড় নেই।

