নিজস্ব প্রতিবেদক : ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে বাংলাদেশি নিহতের ঘটনায় জড়িত চক্রের ৩ সদস্যকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার র্যাব-১ এ তথ্য জানায়।
র্যাব জানায়, শুক্রবার দিবাগত রাতে আব্দুল্লাপুর, খিলক্ষেত ও বিমানবন্দর এলাকা থেকে মো. আক্কাস মাতুব্বর, এনামুল হক তালুকদার ও মো. আব্দুর রাজ্জাক ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে বলেছেন, মিথ্যা আশ্বাস দিয়ে বিদেশে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধ করে আসছে। সংঘবদ্ধ চক্রটি বিদেশি চক্রের যোগসাজশে অবৈধভাবে ইউরোপে লোক প্রেরণ করে আসছে। তারা বাংলাদেশ থেকে লিবিয়া এবং লিবিয়া থেকে ইউরোপ প্রেরণ করে অবৈধভাবে। চক্রের দেশীয় এজেন্টরা প্রত্যন্ত অঞ্চলের স্বল্প আয়ের মানুষদের অল্প খরচে উন্নত দেশে গমনের প্রলোভন দেখিয়ে আকৃষ্ট করে থাকে। ভাগ্য পরিবর্তনের আশায় অনেকেই তাদের প্রস্তাবে সাড়া দেয়। বিদেশে পাঠানোর জন্য পাসপোর্ট তৈরি, ভিসা সংগ্রহ, টিকেট ক্রয় ইত্যাদি কার্যাবলী এই চক্র করে থাকে। পরবর্তীতে তাদের এককালীন বা ধাপে ধাপে কিস্তি নির্ধারণ করে ইউরোপের পথে পাড়ি দেওয়ার ব্যবস্থা করা হয়। পরে অবৈধভাবে তাদের বিদেশ নেওয়ার ব্যবস্থা করে চক্রটি।

