আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে ইরানের অথর্নীতিকে সুরক্ষার জন্য পরমাণু সমঝোতায় সই করা দেশগুলোকে ৬০ দিনের যে সময়সীমা তেহরান বেধে দিয়েছিল তা প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে ইউরোপীয় জোট পরমাণু সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে ঘোষণা করেছে।
ইইউ এবং ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘যে কোনো ধরনের সময়সীমা আমরা প্রত্যাখ্যান করছি। পরমাণু সংক্রান্ত ইরানের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে দেশটির সহযোগিতা সম্পর্কে আমরা পর্যালোচনা করে দেখব।’
এতে বলা হয়েছে, ‘আমরা ইরানের সঙ্গে বৈধ বাণিজ্য অব্যাহত রাখার যে প্রচেষ্টায় দৃঢ় প্রতিজ্ঞ।’
এর আগে বুধবার ইরান বলেছিল, যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে পদক্ষেপ না নিলে তেহরান পরমাণু পরমাণু সমঝোতার কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে না এবং তারা পরমাণু সমৃদ্ধকরণ শুরু করবে।
পরমাণু কর্মসূচি সীমিত করার শর্তে ২০১৫ সালে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, জার্মানি,ফ্রান্সসহ ছয়টি দেশ চুক্তি করে। কিন্তু ২০১৭ সালে প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। একইসঙ্গে তিনি ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ শুরু করেন।

