আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। গাজায় ক্ষমতাসীন হামাসও পাল্টা হামলা চালাচ্ছে। হামলার এই প্রচণ্ডতাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ পর্যায়ের বলে মনে করা হচ্ছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা গাজা সিটিতে হামাসের সামরিক গোয়েন্দা ও নিরাপত্তা দপ্তরের ভবনে বোমা হামলা চালিয়েছে। শনিবার গাজা থেকে ইসরায়েলের উদ্দেশে ৪৩০টিরও বেশি রকেট হামলা চালিয়েছিল হামাস। এর অধিকাংশই আকাশে বিধ্বস্ত করা হয়েছে। হামাসের হামলার জবাবে ২০০ বিমান ও ট্যাংক হামলা চালানো হয়েছে।
হামলায় ইসরায়েলের এক বেসামরিক নাগরিক এবং ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে বলে উভয় পক্ষ থেকে জানানো হয়েছে।
গাজায় নিহতদের মধ্যে এক গর্ভবতী নারী ও তার ১৪ মাসের কন্য সন্তান রয়েছে। তবে ইসরায়েল দাবি করেছে তাদের হামলায় ওই নারী ও তার সন্তান নিহত হয়নি। বরং হামাসের দুর্ঘটনাবশত ছোড়া গুলিতে তাদের মৃত্যু হয়েছে।
শুক্রবার গাজা সীমান্তে দুই ফিলিস্তিনি বিক্ষোভকারীকে হত্যার মধ্য দিয়ে ইসরায়েল নতুন করে এই সহিংসতা শুরু করেছে। ওই দিনই ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত হয় হামাসের দুই যোদ্ধা। ইসরায়েল অবশ্য দাবি করেছে, হামাসই প্রথম হামলা চালিয়েছে। তাদের হামলায় এক ইসরায়েলি সেনা আহত হওয়ার জেরে তেল আবিব এই পাল্টা হামলা চালায়।

