আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি বোয়িং বিমান ১৪৩ আরোহী নিয়ে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে নদীতে গিয়ে পড়েছে।
স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
সিএনএন ও গার্ডিয়ান পত্রিকা জানিয়েছে, মায়ামি এয়ার ইন্টারন্যাশনালের বোয়িং-৭৩৭ বিমানটি রাজ্যের জ্যাকসনভিলের নেভাল এয়ার স্টেশনে অবতরণকালে ছিটকে গিয়ে সেন্ট জনস নদীতে গিয়ে পড়ে।
স্থানীয় টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, বিমানটি যখন অবতরণের চেষ্টা করছিল সে সময় বজ্রপাত হচ্ছিল। সামরিক বাহিনীর চার্টার করা বিমানটি আসছিল কিউবার গুয়ানতানামো বে থেকে।
বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, ১৩৬ আরোহী ও সাত ক্রুর সবাই জীবিত আছেন। সামান্য আহত ২১ জন বয়স্ক যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জ্যাকসনভিল শহরের মেয়র লেনি কোরি এক টুইট বার্তায় বলেছেন, বিমানটি রানওয়ে থেকে ছিটকে নদীতে গিয়ে পড়ে গেছে। জরুরি নিরাপত্তা কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তবে এ ঘটনায় যাত্রীরা সবাই নিরাপদে আছেন।
বিমানটি নদীতে গিয়ে পড়ার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। জ্যাকসনভিলের শেরিফ জানিয়েছেন, যেখানে গিয়ে বিমানটি পড়েছে, সেখানে পানি কম ছিল। যে কারণে এটি নিমজ্জিত হয়নি।

