নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গুলিস্তানে ককটেল হামলায় দুই পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় ইসলামিক স্টেটের (আইএস) দায় স্বীকার ষড়যন্ত্রের অংশ কি না, তাই এখন তদন্ত হচ্ছে। তদন্তের পরই বলা যাবে প্রকৃত কারণ। সেক্ষেত্রে দোষীদের আইনের আওতায় আনা হবে।
বুধবার রাজধানীতে লায়নের ২৩তম বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো ঘটনা ঘটলেই আইএস দায় স্বীকার করছে। সাইট ইন্টেলিজেন্স বিবৃতি দিচ্ছে, এটি ষড়যন্ত্র। তবে যে যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের স্থান নেই। বাংলাদেশের মানুষ কখনো সন্ত্রাসকে পছন্দ করে না।’
অপর এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যায় যে-ই জড়িত থাকুক কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে পুলিশ সদর দফতরে একটি তদন্ত প্রতিবেদন জমা পড়েছে। প্রতিবেদনের একটি কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হবে। সে অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, সোমবার রাতে গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় দুই পুলিশসহ ৩ জনের ওপর হামলা হয়। ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম ও লিটন এবং কমিউনিটি পুলিশ মো. আশিক আহত অবস্থায় রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

