নিজস্ব প্রতিবেদক : ‘ভোজ্যতেলে ভিটামিন-এ সমৃদ্ধকরণ আইন-২০১৩’ বাস্তবায়নে আইনি জটিলতা নিরসনে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বুধবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ভোজ্যতেলে ভিটামিন এ সমৃদ্ধকরণ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন প্রকল্প ‘ভোজ্যতেলে ভিটামিন এ সমৃদ্ধকরণ’ দ্বিতীয় পর্যায়ের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট এ বৈঠকের আয়োজন করে।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরহাদ উদ্দিনের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন- প্রকল্পে সহযোগিতা প্রদানকারী সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (গেইন) কান্ট্রি ডিরেক্টর বসন্ত কুমার কর, প্রকল্প পরিচালক ও শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান লুৎফর রহমান তালুকদারসহ বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি সংস্থা, ভোজ্যতেল রিফাইনারির প্রতিনিধিরা।
শিল্পমন্ত্রী বলেন, ভোজ্যতেলে ভিটামিন এ সমৃদ্ধকরণ আইন, ২০১৩ কার্যকরের বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, তেল আমাদের নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। তাই তেলে ভিটামিন-এ মিশিয়ে দেওয়া গেলে আমাদের কাজ ৯০% শেষ হয়ে যাবে।
জনসংখ্যা অভিশাপ নয় আশীর্বাদ উল্লেখ করে আমির হোসেন আমু বলেন, দেশের মানুষের হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করতে হলে শারীরিক সুস্থতার প্রয়োজন আছে। তাই ভোজ্যতেলে ভিটামিন এ সমৃদ্ধকরণ নিশ্চিতে সবার সহযোগিতা চান তিনি।
তেল বাজারজাতকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের পরিবার এবং সন্তানরাও এ তেল খাবে। তাই ভোজ্যতেলে ভিটামিন এ সমৃদ্ধ করুন। মন্ত্রী আশা প্রকাশ করেন, প্রকল্পের দ্বিতীয় ধাপে ১০০% সফলতা অর্জিত হবে।
বৈঠকে গেইনের কান্ট্রি ডিরেক্টর বসন্ত কুমার বলেন, অপুষ্টি হচ্ছে নীরব জরুরি অবস্থা। বিজ্ঞানী বা খেলোয়াড়ের মতো ব্যক্তিত্ব জন্ম না নেওয়ার কারণ হতে পারে অপুষ্টি। এ দুরাবস্থা নিরসনে ভোজ্যতেলে ভিটামিন সমৃদ্ধকরণ গেইন বাংলাদেশ সরকারকে সহযোগিতা করছে।
ভোজ্যতেলে ভিটামিন এ সমৃদ্ধকরণ আইন, ২০১৩ এর প্রশংসা করে তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় প্রথম এবং পুরো এশিয়ায় দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশ এ আইন প্রণয়ণ করেছে।
বসন্ত কুমার আরও বলেন, ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ নিশ্চিত করা গেলে তা রোগব্যাধি-মৃত্যুহার-জনস্বাস্থ্য সুরক্ষা ব্যয় কমিয়ে আনার পাশাপাশি জিডিপি বৃদ্ধিতেও অবদান রাখতে পারবে।
দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে মডেল উল্লেখ করে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরহাদ উদ্দিন বলেন, স্বাস্থ্য সমস্যাও দুর্যোগের মতো। এ ক্ষেত্রেও বাংলাদেশ মডেল হবে। তিনি বলেন, ইরি ধান এবং আয়োডিন লবণও মানুষ প্রথম গ্রহণ করেনি। কিন্তু এখন করছে। তেমনি সচেতনতা তৈরি করা গেলে সাধারণ মানুষ ভিটামিন এ সমৃদ্ধ তেলও মানুষ খাবে।

