আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের সিয়াটলে একটি কনস্ট্রাকশন ক্রেন ভেঙে পড়ে চারজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
সিয়াটল অগ্নি নির্বাপণ দপ্তরের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নির্মাণাধীন একটি ভবনের পাশে থাকা ক্রেনটি ভেঙে নিচে সড়কে থাকা কয়েকটি গাড়ির ওপর আছড়ে পড়ে। এতে দুই ক্রেনচালক এবং পৃথক দুই গাড়ির দুই আরোহী প্রাণ হারান।
কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় এক নারী ও তার শিশু সন্তান এবং ২০ বছরের এক তরুণ আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী একজনকে উদ্ধৃত করে সিয়াটল টাইমস জানিয়েছে, প্রচণ্ড বাতাসের কারণে ক্রেনটি দুভাগে ভেঙে পড়ে। একটি অংশ পড়ে সড়কে গাড়ির ওপর। অপর অংশ নির্মাণাধীন ভবনের ওপর পড়ে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটির।
সিয়াটল টাইমস আরো জানিয়েছে, ওই ভবনটি গুগলের নতুন সিয়াটল ক্যাম্পাস এবং প্রায় দেড়শ নতুন ফ্ল্যাটের জন্য নির্মাণ করা হচ্ছিল।

