নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে বিএনপির ডাকা অবরোধে দুর পাল্লার যান চলাচল বন্ধ থাকায়, বিভিন্ন জেলা থেকে কৃষি পণ্য পরিবহনে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ঢাকার কারওয়ান বাজারে ব্যাপারীরা বলছেন, এখন শীতের সবজির ভরপুর মৌসুম।
কিন্তু সেগুলো মাঠেই নষ্ট হবার উপক্রম হয়েছে।তাতে লোকসানের মুখে পড়ছেন তারা।বাংলাদেশের অন্যতম প্রধান কাঁচা মালের আড়ত ঢাকার কাওরান বাজারে সাধারণত মধ্য রাতের কিছু আগে থেকে ট্রাকে করে সবজি আসতে শুরু করে।
আর সেটিকে কেন্দ্র করে ব্যস্ত হয়ে পড়েন বিভিন্ন পেশার মানুষ।
সেখানকার ব্যবসায়ীরা বলছেন, তাদের ব্যবসায় অবরোধের বিরূপ প্রভাবের কথা।
সবজি ব্যবসায়ী আব্দুর রহিম বিবিসিকে বলছিলেন, অন্যান্য সময় অনেক পাইকার থাকলেও অবরোধে তাদের সংখ্যা কম।
ফলে কাঁচামালের দামও কমে গেছে। অনেক লোকসান দিয়েই সবজি বিক্রি করতে হচ্ছে তাদের।
ঢাকার বাইরে থেকে খুব কম মালই এখন আসছে। যতটুকু আসছে, তা আনতে সাধারণ সময়ের তুলনায় দ্বিগুণ ভাড়াও গুনতে হচ্ছে আব্দুর রহিমের মত ব্যবসায়ীদের। আর যেসব শাক-সবজি ঢাকায় আনা সম্ভব হচ্ছেনা, সেগুলো মাঠেই পচে যাচ্ছে।

