আন্তর্জাতিক ডেস্ক : এবার সুদানের প্রধান গোয়েন্দা কর্মকর্তা পদত্যাগ করেছেন। সামরিক কাউন্সিলের প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রীর পদত্যাগের একদিনের মাথায় শনিবার পদত্যাগ করলেন ন্যাশনাল ইন্টিলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সার্ভিসের প্রধান সালা আব্দাল্লাহ মোহাম্মদ সালেহ।
সালাহ ঘোশ হিসেবে পরিচিত সালেহ এক সময় প্রেসিডেন্ট বশিরের পর সুদানের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন। সামরিক শাসনের অবসানের দাবিতে আন্দোলনকারীদের হত্যার জন্য তাকে দায়ী করছে বিক্ষোভকারীরা।
এর আগে শুক্রবার পদত্যাগ করেছিলেন সামরিক কাউন্সিলের প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী আওয়াদ ইবন আউফ। তবে আউফের পদত্যাগের পরও বিক্ষোভকারীরা ঘরে ফেরেনি। বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
সুদানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, সামরিক কাউন্সিলের নয়া প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবদেল ফাত্তাহ আবদেল রাহমান বুরহান শনিবার ঘোশের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন।

