নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি, ইঞ্জিনিয়ার ও বীর রেজিমেন্টের ছয়টি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান করেছেন সেনাবাহিনী প্রধান এবং কর্নেল কমান্ড্যান্ট রেজিমেন্ট অব আর্টিলারি ও কর্নেল অব দি রেজিমেন্ট বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (বীর) জেনারেল আজিজ আহমেদ।
বৃহস্পতিবার সৈয়দপুর সেনানিবাসস্থ ইএমই সেন্টার ও স্কুলে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান হয়।
সেনাবাহিনীর সামরিক ঐতিহ্য অনুযায়ী, যেকোনো ইউনিটের জন্য রেজিমেন্টাল কালারপ্রাপ্তি অত্যন্ত গৌরবজনক। সেনাবাহিনী তথা দেশমাতৃকার সেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ছয়টি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদানের সিদ্ধান্ত হয়।
এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৭, ২০, ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ১৯ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং ১৫ বীর (সাপোর্ট ব্যাটালিয়ন) কালার প্যারেডে অংশগ্রহণ করে এবং প্রধান অতিথির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করে।
এই রেজিমেন্টাল কালার প্যারেডের প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট কর্নেল মো. মতিউল ইসলাম মন্ডল।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের কোনো ইউনিটকে এবারই প্রথম রেজিমেন্টাল কালার প্রদান করা হলো।
রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি, রংপুর এরিয়া কমান্ডার, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, রেজিমেন্টাল কালারপ্রাপ্ত ইউনিটগুলোর অবসরপ্রাপ্ত ও চাকরিরত প্রাক্তন অধিনায়করা উপস্থিত ছিলেন।

