নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘নুসরাত হত্যার সঙ্গে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে।’
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এটাকে (নুসরাত হত্যার ঘটনা) খুবই সিরিয়াসলি নিয়েছি। কোনো আসামি কিংবা যারা এখানে বিন্দুমাত্র জড়িত ছিল, তাদের কেউ আইনের হাত থেকে বাদ যাবে না। তাদের সবাইকে বিচারের মুখোমুখি আমরা করব।’
তিনি বলেন, ‘নুসরাত হত্যার ঘটনায় আমরা সবাই দুঃখ প্রকাশ করছি। আসলেই আমরা সবাই ব্যথিত। এ ধরনের মৃত্যু আমাদের সবাইকে ব্যথিত করে। তাকে যে অমানসিক নির্যাতন করা হয়েছে, পুড়িয়ে মারা হলো, এটা কারও কাম্য নয়। আসলে সেখানে কী ঘটনা ঘটেছে, সেজন্য পিবিআই তদন্তভার গ্রহণ করেছে। আইনমন্ত্রীও বলেছেন এটা যাতে খুব তাড়াতাড়ি বিচারকার্য শেষ হয় তার ব্যবস্থা তিনি করবেন। পিবিএও যত দ্রুত সম্ভব এটার চার্জশিট দেবে।’
অপরাধীদের মুক্তির দাবিতে কেউ কেউ আন্দোলন করছেন, এরা কারা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেখুন এই ধরনের কর্মকাণ্ড যারা করছে, তারা হয়তো না জেনেই করছে। কারণ এই অধ্যক্ষ বা যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের বিষয়ে আন্দোলনকারীরা যদি জানত তাহলে তারা এই আন্দোলন করত না।’
তিনি বলেন, ‘আমি যেটা বলতে চাই, পিবিএর ইনভেস্টিগেশনের পর জানা যাবে অধ্যক্ষ দোষী কি না বা কতখানি তিনি দোষ করেছেন। এটা অবশ্যই আমরা বের করব। অবশ্যই অপরাধীকে শাস্তি পেতে হবে এবং যারা অধ্যক্ষের মুক্তির দাবিতে আন্দোলন করছে, তারা তখন তাদের ভুলের প্রমাণ পাবে।’
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে-ই অপরাধ করুক, সে ওসি হোক আর যে-ই হোক, কেউ যদি অপরাধ করে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।’

