আন্তর্জাতিক ডেস্ক : একটি কিংবা দুটি নয়, চারটি মৌমাছি বের করা হলো তাইওয়ানের এক তরুণীর চোখ থেকে। এ ঘটনায় চিকিৎসক পর্যন্ত অবাক হয়েছেন। বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
২৮ বছরের ওই তরুণীর পরিচয় প্রকাশ করা না হলেও তার নাম হি বলে জানানো হয়েছে। আগাছা টেনে তোলার সময় তার চোখে ক্ষুদ্রাকায় মৌমাছিগুলো প্রবেশ করে।
ফুইস ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসক ডা. হং চাই চিং বলেছেন, যখন চার মিলিমিটারের পোকাগুলোর পা ধরে চোখ থেকে টেনে বের করছিলেন তখন তিনি ‘বিস্মিত’ হয়েছেন।
চীনা কিং মিং সমাধি সম্প্রসারণ উৎসব উপলক্ষে হি তার এক স্বজনের কবরের আগাছা পরিষ্কার করছিলেন। এক পর্যায়ে বাতাসের ঝাপটায় চোখের ভেতরে কিছু একটা প্রবেশ করেছে বলে ধারণা করেন হি। কয়েক ঘন্টা পরেও চোখের যন্ত্রণা না কমায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে হি কে। আশা করা হচ্ছে তিনি শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন।
মিষ্টি মৌমাছি নামে মৌমাছি পরিবারের ক্ষুদ্র এই সদস্য অনেক সময় মানুষের দেহের ঘামের প্রতি আসক্ত হয়। এই প্রজাতির মৌমাছি উচ্চ পর্যায়ের প্রোটিনের জন্য মানুষের চোখের অশ্রুও পান করে।

