আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতের সঙ্গে কাশ্মিরের বিতর্কিত সীমানার সমাধান এই বিস্তৃত অঞ্চলের জন্য ‘অসাধারণ’ ঘটনা হবে। কাশ্মির সমস্যার সমাধান করতে হবে এবং এই সমস্যা এমন ফুটন্ত অবস্থায় থাকতে দেওয়া যাবে না।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। বুধবার বিবিসি এ সাক্ষাৎকার প্রকাশ করেছে।
আট মাস আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ইমরান খান। বৃহস্পতিবার ভারতের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে দ্বিতীয়বারের জন্য জয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিন্দু জাতীয়তাবাদকে উস্কে দিচ্ছেন। ভারতীয় নির্বাচন উপলক্ষে দেশটির প্রতি পাকিস্তানের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পশ্চিমা সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছিলেন ইমরান খান।
পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেছেন, ‘দুই সরকারের প্রথম কাজ হচ্ছে আমরা কীভাবে আমাদের দারিদ্রতা হ্রাস করব এবং সংলাপের মাধ্যমে আমাদের মধ্যকার মতপার্থক্য দূর করে আমরা দারিদ্রতা হ্রাস করব এবং আমাদের মধ্যে কেবল একটি পার্থক্যই আছে, সেটি হচ্ছে কাশ্মির।’
চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ মুখোমুখি হলে সেটা যে সুখকর হবে না তার ইঙ্গিত দিয়ে ইমরান বলেছেন, ‘একবার আপনি যদি জবাব দেন, তাহলে এটা কোথায় যেয়ে শেষ হবে কেউ তা বলতে পারবে না।’
ফেব্রুয়ারিতে দুই দেশের পাল্টাপাল্টি হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত ‘যদি ফিরে আসে এবং এরপর আবার পাকিস্তানে হামলা চালায়,তাহলে জবাব দেওয়া ছাড়া পাকিস্তানের করার কিছুই থাকবে না। তাই এই পরিস্থিতিতে দুটি পারমাণবিক শক্তিধর দেশের ক্ষেত্রে আমি মনে করি এটা হবে একেবারেই দায়িত্ব জ্ঞানহীন কাজ।’

