নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি থেকে মার্চ) মন্ত্রিসভায় সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৬ দশমিক ৬৭ শতাংশ। গত বছরের একই সময়ে এ হার ছিল ৬৮ দশমিক ২৫ শতাংশ। এবার সিদ্ধান্ত বাস্তবায়ন হার কমেছে ১ দশমিক ৫৮ শতাংশ।
গত বছরের প্রথম তিন মাসে ৬৩টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়িত হয়েছে ৪৩টি। চলতি বছরের প্রথম তিন মাসে ৩৬টির মধ্যে ২৪টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এসব তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ৭ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত মন্ত্রিসভার পাঁচটি বৈঠক হয়েছে। এতে ৩৬টি সিদ্ধান্ত গৃহীত হয়। যার মধ্যে ২৪টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। আর বাস্তবায়নাধীন আছে ১২টি। অনুমোদিত নীতি ছিল দুটি ও অনুমোদিত চুক্তি হয় একটি। আর সংসদে পাঁচটি আইন পাস হয়েছে। ফলে বাস্তবায়িত সিদ্ধান্তের হার ৬৬ দশমিক ৬৭ শতাংশ।
সচিব জানান, গত বছর পয়লা জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত মন্ত্রিসভার সাতটি বৈঠক হয়েছে। এতে ৬৩টি সিদ্ধান্ত গৃহীত হয়। যার মধ্যে ৪৩টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। আর বাস্তবায়নাধীন ছিল ২০টি। অনুমোদিত নীতি ছিল তিনটি ও অনুমোদিত চুক্তি হয় চারটি। সংসদে ১৫টি আইন পাশ হয়েছে। ফলে বাস্তবায়িত সিদ্ধান্তের হার ছিল ৬৮ দশমিক ২৫ শতাংশ। ফলে গত বছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে বাস্তবায়িত সিদ্ধান্তের হার কমেছে ১ দশমিক ৫৮ শতাংশ।

