আন্তর্জাতিক ডেস্ক : সবচেয়ে বেশি বিক্রি হওয়া উড়োজাহাজ ৭৩৭ ম্যাক্সের উৎপাদন কমিয়েছে বোয়িং। ইথিওপিয়া ও ইন্দোনেশিয়ায় কয়েক মাসের ব্যবধানে দুটি দুর্ঘটনার পর বোয়িং কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
এক বিবৃতিতে বোয়িং কর্তৃপক্ষ জানিয়েছে, এই মডেলের উৎপাদন ৫২টি থেকে কমিয়ে মধ্য এপ্রিল থেকে ৪২টিতে নামিয়ে আনা হবে।
দুটি দুর্ঘটনার পর বিভিন্ন দেশ ও সংস্থাগুলোতে ৭৩৭ ম্যাক্সের সরবরাহ সাময়িকভাবে স্থগিত করা হয়। এরপরই বোয়িং কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। দুর্ঘটনার পর প্রাথমিক তদন্তে এই মডেলের বিমানগুলো‘এন্টি-স্টল’ ব্যবস্থায় ত্রুটি থাকতে পারে বলে জানানো হয়। এরপরই বিশ্বব্যাপী এ মডেলের সব বিমান ‘গ্রাউন্ডেড’ করা হয়েছে।
গত ১০ মার্চ ইথিওপিয়ান এয়ারলাইন্সের ৭৩৭ ম্যাক্স বিমান আদ্দিস আবাবা থেকে উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মাথায় বিধ্বস্ত হয় এবং ১৫৭ আরোহীর সবাই মারা যান। এর মাত্র পাঁচ মাস আগে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারেরও ৭৩৭ ম্যাক্স মডেলের আরেকটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হয় ১৮৯ আরোহী।
উভয়ক্ষেত্রেই প্রাথমিক তদন্তে দেখা গেছে, দুর্ঘটনার আগে দুটি বিমানের চালকরা এমসিএস নামে পরিচিত ‘অ্যান্টি-স্টল সিস্টেম’ নিয়ে গলদঘর্ম হয়েছিলেন।

