আন্তর্জাতিক ডেস্ক : আনুষ্ঠানিক বিচ্ছেদের আগেই পাসপোর্ট থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নাম সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য। ‘ইউরোপীয় ইউনিয়নের’ নাম বাদ দিয়ে গত ৩০ মার্চ থেকে নতুন পাসপোর্ট ইস্যু করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
২৯ মার্চ ইইউ থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদের নির্ধারিত তারিখ ছিল। বিচ্ছেদ কার্যকরে প্রধানমন্ত্রী থেরেসা মে’র পরিকল্পনার ব্যাপারে পার্লামেন্ট সদস্যদের মতের অমিলের কারলে ওই মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানো হয়।
নতুন পাসপোর্ট পাওয়ার পর সুসান হিন্ডল ব্যারন নামে এক নারী তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এই পরিবর্তনে তিনি ‘সত্যিকারার্থে হতভম্ভ।’
তিনি জানান, শুক্রবার তিনি নতুন পাসপোর্ট হাতে পেয়েছেন। তিনি ভেবেছিলেন যতদিন পর্যন্ত যুক্তরাজ্য ইইউ’র সদস্য হিসেবে থাকছে ততদিন পর্যন্ত এর নকশা পরিবর্তন করা উচিৎ নয়।
ভাণ্ডারে এখনো ইউরোপীয় ইউনিয়ন লেখা পাসপোর্ট থাকায় আরও কিছুদিন আগের পাসপোর্ট কেউ কেউ পেতে পারেন। ইইউতে যুক্ত হওয়ার আগে পুরনো যে গাঢ় নীল রঙের পাসপোর্ট পেত যুক্তরাজ্যের জনগণ, চলতি বছরের শেষ থেকে সেগুলোও মিলবে।
যুক্তরাজ্যের পাসপোর্টের নকশা পরিবর্তন ব্রেক্সিট সমর্থকদের জন্য একত্রীকরণের প্রমাণ দেয়। নীল রংয়ের আগের পাসপোর্টে ফিরে যেতে ২০১৭ সালে যে সিদ্ধান্ত নেওয়া হয়, তাকে ‘ব্রেক্সমাস’ (ব্রেক্সিট ও ক্রিসমাসকে মিলিয়ে) অ্যাখ্যা দিয়েছিলেন ইউনাইটেড কিংডম ইন্ডিপেনন্ডেন্স পার্টির বিচ্ছেদপন্থি নেতা নাইজেল ফারাজ।
মার্চের শেষ দিকে ব্রেক্সিট কার্যকর হবে ধরে নিয়েই পরদিন থেকে ‘ইউরোপীয় ইউনিয়ন’ ছাড়া কভারের পাসপোর্ট ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ব্রিটিশ ‘জনগণের দেওয়া করের সর্বোচ্চ ব্যবহারের লক্ষ্যে’ ভাণ্ডারে যতদিন ‘ইউরোপীয় ইউনিয়ন’ লেখা কভার আছে, ততদিন আগের পাসপোর্টও ইস্যু হবে ।

