নিজস্ব প্রতিবেদক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে সফলতা অর্জন করেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে বিদ্যুৎ উৎপাদন ছিল ৩ হাজার ৫০০ মেগাওয়াট। সুদুরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ২০ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে।
শুক্রবার কাতারের দোহায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪০তম অ্যাসেম্বলির মূল ভেন্যু শেরাটন কনভেনশন সেন্টারে কাতারের শুরা কাউন্সিলের স্পিকার আহমাদ বিন আব্দুল্লাহ বিন জায়িদ আল মাহমুদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশে বিদ্যুৎ খাতে বিনিয়োগ করতে কাতার সরকারের প্রতি আহ্বান জানান স্পিকার।
সাক্ষাতকালে তারা সংসদীয় গণতন্ত্র, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও বাণিজ্যের প্রসার নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশের সাথে কাতারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, উল্লেখ করে স্পিকার বলেন, সংসদ সদস্যদের মধ্য পারস্পরিক সফর ও অভিজ্ঞতা বিনিময় ভবিষ্যতে এ সম্পর্ককে আরো সুদৃঢ় করবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়ন বিস্ময়। একসময়ের খাদ্য ঘাটতির দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছে। নিজ দেশের চাহিদা মিটিয়ে বিদেশে খাদ্য রপ্তানির দ্বারপ্রান্তে এখন বাংলাদেশ।
স্পিকার বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ রয়েছে। সারা দেশে সরকার ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করেছে।
এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য কাতারের প্রতি আহ্বান জানান শিরীন শারমিন চৌধুরী। এছাড়া, তিনি ওষুধ ও আইসিটি খাতে কাতার সরকারকে বিনিয়োগ করার আহ্বান জানান।
শেখ হাসিনা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান কাতারের শুরা কাউন্সিলের স্পিকার রআহমাদ বিন আব্দুল্লাহ বিন জায়িদ আল মাহমুদ। তিনি বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। বাণিজ্য প্রসারে কাতার বাংলাদেশে বিনিয়োগ করবে বলে স্পিকারকে আশ্বস্ত করেন আহমাদ বিন আব্দুল্লাহ বিন জায়িদ আল মাহমুদ। তিনি দুই দেশের জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপনে কাতারের আগ্রহের কথা বিশেষভাবে উল্লেখ করেন।
শিরীন শারমিন চৌধুরী কাতারে অনুষ্ঠিতব্য ১৪০তম অ্যাসেম্বলির সার্বিক সফলতা কামনা করেন। তিনি ২০২২ সালে কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের সফলতা কামনা করেন এবং শুরা কাউন্সিলের স্পিকারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এ সময় জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, জাতীয় সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব ড. জাফর আহমদ খান এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ আহমদ উপস্থিত ছিলেন।

