আন্তর্জাতিক ডেস্ক : জাপানে আগামী ১ মে থেকে শুরু হচ্ছে নতুন সম্রাটের যুগ এবং তার শাসনকালের নাম হবে ‘রেইওয়া’।
জাপানের বর্তমান সম্রাট আকিহিতো সিংহাসন ত্যাগ করছেন এ মাসে। ৩০ এপ্রিল সম্রাট আকিহিতো বিদায় নেবেন। আর এর মধ্যদিয়ে অবসান হবে বর্তমান ‘হেইসেই’ যুগ। জাপানের গত ২০০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো সম্রাট পদত্যাগ করতে যাচ্ছেন।
নতুন সম্রাট হবেন যুবরাজ নারুহিতো। ১ মে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। জাপানি ঐতিহ্য অনুযায়ী, নতুন সম্রাটের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে নতুন যুগ যার নামকরণ করা হয়েছে ‘রেইওয়া’।
বলা হচ্ছে, সম্রাটের শাসনকালকে ঘিরে জাপানে যুগ বা কালের নামকরণের প্রচলিত রীতি অনুযায়ী রাজতন্ত্রের এ নতুন নামকরণ করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, সোমবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার প্রধান সচিব ইওশিহিদে সুগা নতুন যুগের নাম ‘রেইওয়া’ বলে ঘোষণা করেন। জাপানের একটি প্রাচীন কবিতা থেকে এ নাম নেওয়া হয়েছে।
সরকারি-বেসরকারি অফিস-আদালতের কম্পিউটার সফ্টওয়্যার এবং কাগজপত্র আপডেটের জন্য নতুন সম্রাটের দায়িত্বগ্রহণের এক মাস আগেই তার শাসনকালের নাম ঘোষণা করা হয়েছে।
পরে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দেশবাসীকে ‘রেইওয়া’ নামের অর্থ জানান। দুটি পৃথক শব্দ ‘রেই’ এবং ‘ওয়া’ মিলে হচ্ছে রেইওয়া। এখানে রেই অর্থ হচ্ছে ‘নেতৃত্ব’ বা ‘শৃঙ্খলা’, একই সঙ্গে মঙ্গলজনক কিংবা ভালো। আর ওয়া অর্থ হচ্ছে সম্প্রীতি, ঐকতান। এছাড়া জাপানি ভাষায় শান্তি বোঝাতে ‘ওয়া’ ব্যবহার হয়।
এই নামকরণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, এই প্রথম জাপানে রাজকীয় যুগের নামকরণ করা হয়েছে চীনা নামের পরিবর্তে জাপানের প্রাচীন কাব্য সংগ্রহ ‘ম্যানিয়োসু’ থেকে নেওয়া শব্দযুগল দিয়ে। আর ম্যানিয়োসু জাপানের গভীর জনসংস্কৃতি ও দীর্ঘ ঐহিত্য ধারণ করে আছে। তিনি বলেন, ‘আমাদের দেশ এখন এক বিশাল বাঁকের মুখোমুখি। কিন্তু এখনো অনেক জাপানি মূল্যবোধ টিকে আছে এবং সেগুলোকে হারিয়ে যেতে দেওয়া উচিত হবে না।’
জাপানের আধুনিক ইতিহাসে চারটি যুগ রয়েছে। প্রত্যেক সম্রাটের আমলেই তার শাসনকালের একটি করে নাম দেওয়া হয়। শাসনক্ষমতার মেয়াদের হিসাব রাখার জন্য ইংরেজি ক্যালেন্ডারেও সে নাম ব্যবহার করা হয়।
সম্রাট আকিহিতোর যুগের ‘হেইসেই’ নামের অর্থ হচ্ছে ‘শান্তি অর্জন’। এর আগের যুগ ছিল শোওয়া যুগ (১৯২৬-১৯৮৯), যার অর্থ ‘আলোকিত ঐক্য’। তার আগের যুগ ছিল তাইসো যুগ (১৯১২-১৯২৬), যার অর্থ ‘মহান ন্যায়পরায়ণ’। আর আধুনিক ইতিহাসের প্রথম যুগের নাম ছিল মেইজি যুগ (১৮৬৯-১৯১২), যার অর্থ ‘আলোকিত শাসন’।
প্রসঙ্গত, ২০১৭ সালের ডিসেম্বের জাপান সরকার ঘোষণা করে যে, বর্তমান সম্রাট ৮৫ বছর বয়সের আকিহিতো অসুস্থতার জন্য ২০১৯ সালের এপ্রিলে সিংহাসন ত্যাগ করবেন। নতুন সম্রাট হবেন তার ছেলে যুবরাজ নারুহিতো।
এর আগে বয়স ও ভগ্নস্বাস্থ্যের কারণে সঠিকভাবে দায়িত্ব পালন করা কঠিন হয়ে যাওয়ার আশঙ্কায় ২০১৬ সালের আগস্টে সম্রাট আকিহিতো সিংহাসন ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সম্রাটের ইচ্ছাকে সম্মান জানাতে পরের বছর জুলাই মাসে জাপানের মন্ত্রিসভা একটি বিল অনুমোদন করে। এরপর ডিসেম্বরে পার্লামেন্টে তা পাস হয় এবং পরবর্তী সম্রাট হিসেবে নারুহিতোর নাম জানানো হয়।

