নিজস্ব প্রতিবেদক : ২০১৮ সালে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ ও কোডবিহীন মাদ্রাসাগুলোর মাদ্রাসা বোর্ডের কোড নম্বর অন্তর্ভূক্ত করার জন্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিলো তা বাস্তবায়ন করার দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যোগে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
অবস্থান কর্মসূচিতে সমিতির সভাপতি মাওলানা হাফেজ ফয়েজুর রহমান বলেন, ‘২০১৮ সালের ১৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে ১৬ দিন শিক্ষকরা অবস্থান কর্মসূচি থেকে অনশন পালন করেন। শিক্ষা সচিব প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হয়ে শিক্ষকদের দাবি পূরণে আশ্বস্ত করেন কিন্তু এখন পর্যন্ত সেটি বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকরা হতাশ। তাই দ্রুত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ করা হোক।’
লিখিত বক্তব্য বলা হয়, ‘১৯৯৪ সালে একই পরিপত্রে রেজিস্ট্রার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদাযয়ি মাদ্রাসা শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয়। পরবর্তীতে বিগত সরকারের সময়ে ধাপে ধাপে বেতন বৃদ্ধি করা হয়। তবে ২০১৩ সালের ৯ জানুয়ারি বর্তমান মহাজোট সরকার ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাইমারি স্কুল জাতীয়করণ করে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সরকারের সকল কাজে অংশগ্রহণ করেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। অথচ মাস শেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বেতন পায় কিন্তু ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা তেমন কোনো বেতন পাযন না। তবুও প্রাথমিক বিদ্যালয়ের নেয় শিক্ষকতা চালিয়ে যাচ্ছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। ১৫১৯টি মাদ্রাসার শিক্ষকরা সর্বসাকুল্যে প্রধান শিক্ষক ২৫০০ টাকা সহকারী শিক্ষক ২৩০০ টাকা ভাতা পান। আর বাকি প্রায় ৮ হাজার ৫০০টি মাদ্রাসার শিক্ষকরা প্রায় ৩৪ বছর যাবৎ বেতন-ভাতা থেকে বঞ্চিত।’
তাদের দাবি না মানা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা।
ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক সমিতির পক্ষ থেকে কিছু দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো-প্রাইমারির মতো মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, কোড বিন মাদ্রাসাগুলো মাদ্রাসা বোর্ড কর্তৃক কোড নাম্বার এ অন্তর্ভূক্তকরণ, প্রাইমারির মতো প্রতিটি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার অফিস সহায়ক নিয়োগ প্রদান, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের পিটিআই ট্রেনিং এর মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ, প্রাইমারির মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাসমূহে আসবাবপত্রসহ ভবন নির্মাণ, পূর্বের ন্যায় এইচএসসি মানবিক শিক্ষকদের নীতিমালা অন্তর্ভূক্তকরণ এবং প্রাইমারি মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাসমূহর স্থায়ী রেজিস্ট্রেশন ব্যবস্থাকরণ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, শিক্ষক মিজানুর রহমান, আলাউদ্দিনসহ বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা।

