নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের কৃষি পণ্যের প্রক্রিয়াজাত, বিপণন ও সংরক্ষণ সহায়তার কথা বলেছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েজ।
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি’র সঙ্গে সচিবালয়ে তার অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত একথা বলেন।
তিনি বলেন, ‘নানা প্রতিকূলতার মধ্যে বাংলাদেশের অগ্রগতি যেভাবে হয়েছে তা বিশ্ববাসীকে জানাতে হবে আরো বেশি বেশি ব্র্যান্ডিং। বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, এই দেশ সম্পর্কে বিশ্ববাসী যত বেশি জানবে তত বিনিয়োগকারী এদেশে বিনিয়োগ করবে আর এজন্য বেশি বেশি ব্র্যান্ডিং করতে হবে।’
দুপক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা হয়।
বৈঠকে কৃষিমন্ত্রী বাংলাদেশের শিক্ষা, অবকঠামো, যোগাযোগ বিদুৎ ও কৃষিসহ সার্বিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। এছাড়া কৃষিমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন খাতে নেদারল্যান্ডসের সহায়তার জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান। মন্ত্রী বাংলাদেশের গৃহীত মেগা প্রকল্প, অর্থনৈতিক অঞ্চলসহ কৃষির নানা দিক নিয়ে কথা বলেন এবং এ ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানান।
বাংলাদেশ-নেদারল্যান্ডস সম্পর্ক দীর্ঘ দিনের। চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের সুফল অর্জনে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন উভয়েই।
কৃষি সচিব মো. নাসিরুজ্জামান, ওসমান হারুনী, সিনিয়র পলিসি অ্যাডভাইজার খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এসময় উপস্থিত ছিলেন।

