নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারের আট তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মনে করেন স্বরাষ্ট্র, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা।
রোববার দুপুরে বনানীর এফ আর টাওয়ারের পাশে গণশুনানি শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব ফায়জুর রহমান।
ফায়জুর রহমান বলেন, গত ২৯ মার্চ থেকে আমাদের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। গণশুনানি তদন্ত কাজেরই একটি অংশ। আমরা জমির মালিকপক্ষের বক্তব্য শুনেছি। তারা প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিয়েছেন। ভবন যারা নির্মাণ করেছেন তারা গতকাল পর্যন্ত কোনো কাগজপত্র দেয়নি। তাদের কাগজপত্র জমা দেওয়ার জন্য সময় দিয়েছি। যারা এ ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি এবং তাদেরও বক্তব্য নিয়েছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণত এ ধরনের বহুতল ভবনে যেসব অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকা দরকার, তা ছিল না। আগুন লাগার সময় ভবনে কোনো ফায়ার অ্যালার্ম বাজেনি। কখনো কোনো অগ্নি সুরক্ষার মহড়াও হয়নি।
তিনি বলেন, গণশুনানিতে আমরা আট তলার এক্সপ্রেক্টা এস এম টেক্সট লিমিটেডের কাউকে পাইনি। তবে এই ফ্লোরে মালিককে আমরা অফিসে ডেকেছি। তিনি কাগজপত্রসহ অফিসে এসে দেখা করবেন। তবে সামনের একজন সিকিউরিটি গার্ড পেয়েছি। তিনি জানিয়েছেন, ভবনের আট তলা থেকে আগুন বের হতে দেখেছেন।
এছাড়া আমরা নিচ তলা, চার, পাঁচ, নয়, ১০, ২১ ও ২২ তলার প্রত্যক্ষদর্শীদের পেয়েছি। কিন্তু আট তলার কেউ আসেনি। তবে আগুনের সূত্রপাতের সরাসরি প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি।
সকাল থেকে দুপুর পর্যন্ত গণশুনানির মাধ্যমে ২৪ জন প্রতক্ষ্যদর্শীদের সাক্ষ্য নেওয়া হয়। তাদের বক্তব্য পর্যালোচনা করে প্রাথমিকভাবে আট তলা থেকে আগুনের সূত্রপাতের বিষয়টি জানায় তদন্ত কমিটি।

