নিজস্ব প্রতিবেদক : জনগণের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তাসহ ১১ দফা দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশন।
রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে সংগঠনটি।
সারা দেশে বহুতল ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করা ও ফায়ার সার্ভিসকে অত্যাধুনিক সরঞ্জাম বরাদ্দ দেওয়ার দাবিও জানায় সংগঠনটি।
মানববন্ধনে সংগঠনের চেয়ারম্যান মুঈদ হাসান তড়িৎ বলেন, ‘জনগণের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নিশ্চিত করেন। মানুষের জীবনের নিরাপত্তা ও সড়ক নিরাপত্তা না দিতে পারলে সরকারের সব উন্নয়ন ম্লান হয়ে যাবে। যাদের জন্য এই উন্নয়ন, সেই জনগণ যদি বাসা থেকে বের হয়ে লাশ হয়ে ঘরে ফেরে; তাহলে উন্নয়নের সুফল ভোগ করবে কারা?’
তিনি আরো বলেন, ‘চকবাজার অগ্নিকাণ্ডে ৮১ জন ও বনানী এফ আর টাওয়ার এ অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় সাধারণ মানুষ ও শিশুরা প্রাণ হারাচ্ছে। আর কোনো সাধারণ মানুষ ও শিশু যেন দুর্ঘটনায় প্রাণ না হারায় তার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।’
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়কারী রাইয়ান রহমান তানিম, আলিফ মাহমুদ, মিডিয়া সমন্বয়কারী ইব্রাহিম পাগল প্রমুখ।

