নিজস্ব প্রতিবেদক : ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বনানীর এফআর টাওয়ার পরিদর্শন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।
শনিবার বেলা ১১টার দিকে প্রথমে তদন্ত কমিটির সদস্যরা ভবনটিতে প্রবেশ করেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির সদস্যরাও প্রবেশ করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়জুর রহমান নেতৃত্বাধীন সাত সদস্যর তদন্ত কমিটিতে সদস্য হিসেবে আছেন বুয়েট, ঢাকা জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ ও আর্মড ফোর্সের প্রতিনিধিরা।
তদন্ত কমিটির প্রধান ফয়জুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা দেখেছি ভবনের ৮, ৯ ও ১০ তলায় আগুন লেগেছিল। তবে কীভাবে লেগেছে, ঠিক কোন জায়গা থেকে লেগেছে, তা এখনো বলতে পারছি না। আমরা সেসব ফ্লোরে গিয়ে দেখেছি দেয়ালের ফায়ার হাইড্রেন্ট অকার্যকর ছিল।’
তিনি বলেন, ’২৩ তলা এই ভবনটির এসব তলায় যারা ছিলেন তাদের বক্তব্য রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত তদন্ত কমিটি শুনবে।’
আগামী ৩ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আগুনের কারণ কী ও এসব ঘটনা থেকে উত্তরণের উপায় কী, এসব বিষয় প্রতিবেদনে থাকবে।’ এ ছাড়া ভবনটির মূল মালিক এস এম এইচ আই ফারুকের বিরুদ্ধে পুলিশ তদন্ত অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির পর অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদারের নেতৃত্বাধীন ৬ সদস্যর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটিও ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান তরুণ শিকদার সাংবাদিকদের বলেন, ‘ওপরের তলায় গিয়ে দেখলাম, মানুষ বেশি মারা যাওয়া কারণ হচ্ছে ফায়ার এক্সিট সরু। সিঁড়ি মাত্র ২৪ ইঞ্চি। বিভিন্ন ফ্লোর মালিকেরা ইন্টেরিয়র ডেকোরেশন যেভাবে করেছে, যার কারণে মানুষজনের এক তলা থেকে আরেক তলায় যোগাযোগ ব্যাহত হয়েছে।’
তরুণ শিকদার বলেন, ‘আমরা দেখেছি, ভবনের টেম্পার নষ্ট হয়ে গেছে। আমরা বুয়েটের তদন্ত দলের জন্য অপেক্ষা করছি। বুয়েটের তদন্তকারীরা ভবন পরীক্ষার পর আমরা বলতে পারব, ভবনটি কতটা ঝুঁকিতে আছে।’
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. ইয়াকুব আলী পাটওয়ারীর নেতৃত্বে আরেকটি তদন্ত দল এফআর টাওয়ারের নকশা অনুমোদন এবং নির্মাণ কাজে ত্রুটি ছিল কি না- তা তদন্তে ৬ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজকের মধ্যেই ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি এফআর টাওয়ারে তদন্ত কাজ শুরু করবে।
এফআর টাওয়ারে গত বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের পর মোট ৪টি তদন্ত কমিটি গঠন করে সরকার। ওই দিন ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হন।

