আন্তর্জাতিক ডেস্ক : সমকামিতার অপরাধ প্রমাণিত হলে ‘পাথর ছুড়ে মৃত্যুর’ আইন বাস্তবায়ন করছে দক্ষিণ পূর্ব এশিয়ার তেল সমৃদ্ধ দ্বীপরাষ্ট্র ব্রুনাই দার আস সালাম। এপ্রিল থেকে দেশটিতে এই আইন কার্যকর হবে। মুসলিম প্রধান দেশটিতে দুইজন পুরুষের এমন সম্পর্ক প্রমাণিত হলে প্রকাশ্যে তাদেরকে এই শাস্তি ভোগ করতে হবে।
২০১৪ সালে এই আইনটি প্রণয়নের কথা ঘোষণা করা হয়। ২০১৮ সালের ২৯ ডিসেম্বর ওই আইনের সঙ্গে শাস্তির কথা ব্রুনেই অ্যাটর্নি জেনারেলের ওয়েবসাইটে উল্লেখ করা হয়।
ব্রুনেইয়ের এই শাস্তিকে নিষ্ঠুর ও অমানবিক বর্ণনা করে গভীর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। বিশ্বব্যাপী মানবাধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই দণ্ডবিধি বাতিল করার জন্য ব্রুনেইয়ের কাছে অনুরোধ জানিয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে জানিয়েছে, ‘ব্রুনেইকে অবশ্যই এ সব অমানবিক শাস্তির বিধান কার্যকর করা বন্ধ করতে হবে। তাদের দণ্ডবিধিকে মানবাধিকারের শর্ত মেনেই চলতে হবে। ব্রুনেই যাতে এসব পাশবিক দণ্ডবিধির বাস্তবায়ন করতে না পারে সে জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা জানানো জরুরি।’
মার্কিন অভিনেতা জর্জ ক্লুনিসহ বিভিন্ন তারকারা এমন শাস্তি বাস্তবায়ন না করতে ব্রুনেই সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

