নিউজ ডেস্ক : নিউজিল্যান্ডে দুটি মসজিদে বন্দুক হামলায় অনেক লোক হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা অর্ডেনের কাছে পাঠানো এক শোক বার্তায় মসজিদে গুলিবর্ষণে অনেক লোকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এছাড়া শুক্রবারের সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করীম, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
শুক্রবার জুমার নামাজের সময় একাধিক হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী জাসিন্দা অর্ডেন এই ঘটনাকে ‘নিউজিল্যান্ডের অন্ধকারতম দিন’ হিসেবে বর্ণনা করেছেন।
হামলার সময় সেন্ট্রাল ক্রাইস্টচার্চের মসজিদ আল-নূরে মুসল্লিদের ভিড় ছিল। ক্রাইস্টচার্চের উপ-শহর লিনউডে দ্বিতীয় আরেকটি মসজিদেও হামলা চালানো হয়েছে।
এখন পর্যন্ত এই হামলায় ৪৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। হামলায় দুজন বাংলাদেশিসহ ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে তারা নিহতদের আত্মার শান্তি কামনা করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

