নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজনে পুলিশ প্রশাসনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় এ কথা বলেন সচিব।
সচিব বলেন, জাতীয় সংসদ নির্বাচন একটি বিশাল কর্মযজ্ঞ। সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশ অন্যতম একটি সংস্থা। এবং আমরা আশা করি তাদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে কিন্তু এই শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশবাসীকে একটি অবাধ, সুষ্ঠু, ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন বদ্ধ পরিকর।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে সচিব বলেন, আপনারা সবাই অবগত আছেন নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী ৩০ ডিসেম্বর দেশব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রতিটি সংসদীয় এলাকার জন্য রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। নির্বাচন সম্পর্কিত আইন বিধি বিধান, পরিপত্র, প্রজ্ঞাপনসহ অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা এরই মধ্যে সময় সময়ে জারি করা হয়েছে এবং আরো অনেক নির্দেশনা জারি করা হবে।
নির্বাচন পরিচালনা বিষয়ে ইতিমধ্যে সকল রিটার্নিং, সহকারী রিটার্নিং অফিসারদেরকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছে। স্থানীয় পর্যবেক্ষকদেরকেও ব্রিফিং করা হয়েছে। নির্বাচনি আচরণ বিধিমালা প্রতিপালনার্থে সারা দেশে ৬০০ এর ওপরে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আগামী ২৪, ২৫, ২৬ তারিখে তাদেরকেও ব্রিফিং করা হবে।
সভায় চার নির্বাচন কমিশনার, আইজিপি, জননিরাপত্তা বিভাগের সচিব, ডিএমপি কমিশনার, এনআইডি উইংয়ের ডিজি, ইসির অতিরিক্ত সচিব, বিভিন্ন রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক, মেট্রোপলিটনের কমিশনারসহ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত অংশ নেন।

