নিজস্ব প্রতিবেদক : বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের স্ত্রী মোসা. ফজিলা খাতুনের মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।
বুধবার রাতে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ শোক প্রকাশ করেন।
২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের সন্ধ্যায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফজিলা খাতুন । তিনি দীর্ঘ দিন ডায়াবেটিস, হাইপারটেনশন ও হাইপোথাইরয়েডিজম রোগে ভুগছিলেন।
এর আগে তিনি গত ২৭ অক্টোবর পিলখানায় বর্ডার গার্ড হাসপাতালে ভর্তি হন। গত ২০ নভেম্বর ২০১৮ তারিখে মারাত্মক শ্বাস জটিলতাসহ তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে বিজিবি হাসপাতাল থেকে প্রয়োজনীয় সকল সহায়তা ও মেডিক্যাল সাপোর্ট দিয়ে উন্নততর চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সম্মিলিত সামরিক হাসপাতালে তাঁকে প্রয়োজনীয় সর্বপ্রকারের চিকিৎসা প্রদানসহ গতকাল বিকেল থেকে লাইফ সাপোর্টে রাখা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসা চলাকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম নিয়মিত তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন।
উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ২৬ ফেব্রুয়ারি ১৯৫৯ তারিখে তৎকালীন ইপিআর (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) এ যোগদান করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টরে বীরত্বের সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। মুক্তিযুদ্ধ চলাকালে ৫ সেপ্টেম্বর ১৯৭১ তারিখে যশোর জেলার ঝিকরগাছা থানার গোয়ালহাটি গ্রামের এক প্রান্তে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করতে গিয়ে শহীদ হন। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর স্ত্রী ফজিলা খাতুন নড়াইল জেলার দুরিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতার নাম আব্দুল মালেক এবং মাতার নাম ছবি খাতুন।

