নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের কারণে এবার উন্মুক্ত স্থানের পাশাপাশি বাসা-বাড়ির ছাদেও থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার থার্টিফার্স্ট ও বড়দিন উপলক্ষে আয়োজিত সার্বিক নিরাপত্তা নিয়ে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিষেধাজ্ঞার কথা জানান।
একইসঙ্গে থার্টিফার্স্ট নাইটে কোনো আতশবাজি, পটকা ফোটানো, বেলুন, ফানুস ওড়ানো যাবে না বলেও জানিয়েছেন মন্ত্রী।
আগের দিনই দেশের একাদশ জাতীয় নির্বাচন হবে এবং পরদিন ইংরেজি বর্ষ বিদায়ের আনুষ্ঠানিকতা। এজন্য কোনো আয়োজন না রাখার তাগিদ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরো বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম উৎসব বড়দিনে প্রতিটি গির্জায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। থার্টিফার্স্ট নাইটে কোথাও কোনো আতশবাজি বা পটকা ফোটানো যাবে না। পাশপাশি চার্চগুলো নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

