নিজস্ব প্রতিবেদক : ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’-স্লোগান নিয়ে প্রতি বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলায় চলছে নবান্ন উৎসব। বৃহস্পতিবার চারুকলার বকুলতলায় গান, কবিতা, নাচ ও বাঁশির সুরে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন নবান্নোৎসব উদযাপন পর্ষদের চেয়ারম্যান লায়লা হাসান ও উৎসবের সহযোগী ল্যাবএইডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম ও পর্ষদের আহ্বায়ক শাহরিয়ার সালাম প্রমুখ।
জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ আয়োজিত এ উৎসবটি উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত সাংবাদিক, কবি শুভ রহমানকে। সকাল থেকে নবান্ন উৎসবে যোগ দিয়েছেন বিভিন্ন বয়সের মানুষ। উদ্বোধনের পর দেশীয় বাদ্যযন্ত্রের সুরের সঙ্গে নজরুল ও রবীন্দ্র সংগীত পরিবেশন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পর বকুলতলা থেকে শুরু হয় নবান্ন শোভাযাত্রা। এটি টিএসসি ঘুরে আবার একই স্থানে ফিরে এসে শেষ হয়। পর্ষদের আহ্বায়ক শাহরিয়ার সালাম জানান, বিকেলে থাকবে সাংস্কৃতিক পর্ব। দ্বিতীয় দিন শুক্রবার সকাল ৭টায় শুরু হয়ে সাংস্কৃতিক পর্ব চলবে রাত ৯টা পর্যন্ত। এবার ৬৮টি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। উৎসবে এবার প্রথমবারের মতো শিশুপ্রহর যোগ করা হয়েছে।

