নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পিরোজপুরের ভাণ্ডারিয়া থানার সাতজনের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান এ প্রতিবেদন প্রকাশ করেন।
যাদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তারা হলেন-পিরোজপুরের ভাণ্ডারিয়া থানার আব্দুল মান্নান হাওলাদার ওরফে আব্দুল মান্নান ডিলার ওরফে মান্নান (৭৫), আজাহার আলী হাওলাদার ওরফে আজু মুন্সী (৮৮), আশ্রাব আলী ওরফে আশরাফ আলী হাওলাদার (৬৭) এবং মো. মহারাজ হাওলাদার ওরফে হাত কাটা মহারাজ (৬৮)।
এদের মধ্যে একই এলাকার মো. ফজলুল হক হাওলাদার (৭৫) কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আটক থাকাবস্থায় গত ৩০ অক্টোবর মারা যান। তবে এ মামলার আরো দুই আসামি এখনো পলাতক থাকায় তাদের নাম প্রকাশ করেনি তদন্ত সংস্থা।
হান্নান খান বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় পিরোজপুরের ভাণ্ডারিয়া থানার সাতজনের বিরুদ্ধে ২০১৬ সালের ১২ এপ্রিল তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা মো. বদরুল আলম এ তদন্ত শুরু করেন। এরপর ৬ নভেম্বর এ মামলার তদন্ত শেষ হয়। তদন্ত শেষে এ মামলায় ৩৩ জনকে সাক্ষী করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অবৈধ আটক, নির্যাতন, অপহরণ, লুন্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার মোট ৪টি অভিযোগ রয়েছে।

