নিজস্ব প্রতিবেদক : ঘোষণা বহির্ভূত পণ্য আমদানির শুল্ক ফাঁকিতে শুল্ককরসহ মোট ২ কোটি ১৭ লাখ ৩৮ হাজার ৫৯৩ টাকার পণ্যের চালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দার একটি দল।
গত ৩০ অক্টোবরে আমদানিকৃত পণ্য সোমবার খালাসকালে চট্টগ্রাম বন্দরে পলেস্টার কাপড়ের ওই চালান জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদ থাকায় আমদানিকারক লিল্যাক ফ্যাশন ওয়ার লিমিটেডের মাধ্যমে আমদানিকৃত পলেস্টার সিনাইল ফ্রেবিক্স ঘোষণায় খালাস স্থগিত করা হয়। চালানটি খালাসের দায়িত্বে নিয়োজিত সিএন্ডএফ এজেন্ট পিলিকানস লিমিটেড।
প্রতিষ্ঠানটির দাখিলকৃত দলিলাদি পর্যালোচনায় দেখা যায়, আমদানিকৃত পণ্যটি লেডিস ব্লেজার তৈরির উপকরণ হিসেবে দেখানো হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে কায়িক পরীক্ষায় প্রাপ্ত পণ্য বিভিন্ন আসবাব জাতীয় পণ্য (সোফা, ডিভান ইত্যাদি) তৈরিতে ব্যবহৃত হয়। কায়িক পরীক্ষায় দেখা যায়, চালান দুটির শুল্কায়নযোগ্য মোট মূল্য ১ কোটি ১৩ লাখ ২৯ হাজার ২৬৫ টাকা এবং মোট শুল্ককরাদির পরিমাণ ১ কোটি ৪ লাখ ৯ হাজার ৩২৮ টাকা। অর্থাৎ শুল্ককরসহ পণ্য চালান দুটির মোট আনুমানিক মূল্য ২ কোটি ১৭ লক্ষ ৩৮ হাজার ৫৯৩ টাকা। ন্যায় নির্ণয়সহ শুল্ক করাদি আদায়ের জন্য প্রতিবেদন কাস্টম হাউসে প্রেরণ করা হয়েছে।

