আন্তর্জাতিক ডেস্ক : দলীয় নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। ১৮ বছর মধ্য-ডানপন্থি ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট ইউনিয়নের (সিডিইউ) প্রধান থাকার পর সোমবার তিনি এ ঘোষণা দিয়েছেন বলে জার্মান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
সোমবার দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মের্কেল জানিয়েছেন, আগামী ডিসেম্বরে দলীয় কনভেনশনে তিনি নেতৃত্বের জন্য প্রার্থী হবেন না। তবে তিনি চ্যান্সেলরের পদ ছাড়ছেন না। অর্থাৎ আগামী ২০২১ সালে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত জার্মান চ্যান্সেলর হিসেবে তিনি থাকছেন।
২০০০ সালে সিডিইউর প্রধান হিসেবে দায়িত্ব পান মের্কেল। এর পাঁচ বছরের মাথায় অর্থাৎ ২০০৫ সালে তিনি জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন। মধ্যপ্রাচ্য সংকটের জের ইউরোপে শরণার্থীর ঢল নামলে মের্কেল তাদের বড় একটি অংশকে জার্মানিতে আশ্রয় দেওয়ার ঘোষণা দেন। এরপরই দেশের ভেতরে তার জনপ্রিয়তা কমতে শুরু করে। সম্প্রতি আঞ্চলিক নির্বাচনে মের্কেলের দল সিডিইউ এবং তার জোটের শরীক স্যোশাল ডেমোক্র্যাটি পার্টি (এসপিডি) বিশাল ব্যবধানে পরাজিত হয়। শরণার্থী ইস্যুতে নিজের দলের ভেতরেও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে মের্কেলকে।

