নিজস্ব প্রতিবেদক : নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সুযোগ রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা নিয়মিত বৈঠকে নির্বাচনী আইন ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১৮’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আইনটি সংসদে পাস হলে জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা যাবে।’
শফিউল আলম বলেন, ‘সংসদে পাস না হলেও রাষ্ট্রপতির ক্ষমতাবলে অধ্যাদেশ দ্বারা এ আইনের মাধ্যমে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করতে পারবে নির্বাচন কমিশন।’
আইনের ধারা-২ এ ইভিএমের বিষয়টি সংযোজন করা হয়েছে জানিয়ে সচিব বলেন, ‘আইনে বলা হয়েছে, ইভিএম মেশিনের সঙ্গে ইন্টারনেটের কোনো সংযোগ থাকবে না। ফলে হ্যাক করে মেশিনকে প্রভাবিত করার কোনো সুযোগ থাকবে না।’
তিনি বলেন, সংশোধিত আরপিওতে অনলাইনে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান রাখা হয়েছে।
এর আগে নির্বাচন কমিশনার কবিতা খানমের নেতৃত্বে আরপিও সংস্কারের জন্য একটি কমিটি করা হয়। আরপিও সংস্কারের বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামত নেওয়া হয়। মাঠ কর্মকর্তা ও সংলাপে পাওয়া সুপারিশ পর্যালোচনা করে এই কমিটি সুপারিশ তৈরি করে।
এরপর গত ৩০ আগস্ট নির্বাচন কমিশনের (ইসি) এক সভায় আরপিও সংশোধনীর প্রস্তাব চূড়ান্ত করে ভেটিংয়ের (পরীক্ষা-নিরীক্ষা) জন্য আইন মন্ত্রণালয়ের লেজিসলিটিভ ও সংসদবিষয়ক বিভাগে পাঠানো হয়। ভেটিংয়ের পর এটি গত সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।

