আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কট্টোর ডানপন্থি নেতা জেয়ার বলসোরানো।
ব্রাজিলের নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটে বলসোরানো পেয়েছেন ৫৫.২ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বামপন্থি ওয়ার্কার্স পার্টির নেতা ফার্নান্দো হাদ্দাদ পেয়েছেন ৪৪.৮ শতাংশ ভোট।
নির্বাচনী প্রচারে বলসোরানো দেশ থেকে দুর্নীতির মূলোৎপাটন ও বড় বড় অপরাধের সঙ্গে সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন।
তবে নির্বাচনী প্রচারে উভয় পক্ষই তাদের প্রতিদ্বন্দ্বীকে আক্রমণ করে বলেন, প্রতিদ্বন্দ্বী ব্যক্তি নির্বাচিত হলে ব্রাজিল ধ্বংস হয়ে যাবে।
ব্রাজিলে ২০০৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা ১৩ বছর শাসন করে বামপন্থি ওয়ার্কার্স পার্টি। এর পর গত দুই বছর ধরে ক্ষমতায় রয়েছেন রক্ষণশীল প্রেসিডেন্ট মাইকেল তেমের। ফলে প্রায় ১৫ বছর পর ক্ষমতায় এলো ডানপন্থি কোনো দল।

