ঢাকাFriday , 26 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঐক্যফ্রন্টের দাবি সংবিধান সম্মত নয় : বাণিজ্যমন্ত্রী

Link Copied!

সিলেট প্রতিনিধি : ড. কামাল হোসেন নেতৃত্বাধীন নবগঠিত বিরোধীজোটের সাত দফার কোনোটি সংবিধান সম্মত নয় আখ্যা দিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, ‘‘তাদের (ঐক্যফ্রন্ট) সাত দাবিই সংবিধানের পরিপন্থি এবং অযৌক্তিক। যা একদম মানা সম্ভব নয়।’’
শুক্রবার বিকেলে সিলেট নগরীর শাহী ঈদগাহে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মাসব্যাপী চতুর্দশ আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।
তফসিলের আগে সরকার বিলুপ্তির দাবি প্রসঙ্গে তিনি পার্শ্ববর্তী দেশ ভারতের উদাহরণ দিয়ে বলেন, ‘‘ভারতসহ বিভিন্ন দেশে নির্বাচনের সময় সরকারি দল ক্ষমতায় থাকে। নির্বাচনের পরে আরেকটা সরকার হলে তা বিলুপ্ত হয়। সুতরাং, বাংলাদেশেও এভাবেই হবে।’’
‘বর্তমান অবস্থায় তফসিল ঘোষণা করা হলে জোট আন্দোলনে নামবে’- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘‘বিএনপি বিগত ১০ বছরে আন্দোলনে মাঠে দাঁড়াতে পারেনি। তারা ২০১৩ সাল থেকে জ্বালাও-পোড়াও রাজনীতি শুরু করেছিল। ২০১৪ সালের নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে। পরে তারাই এটাকে নিজেদের ভুল হিসেবে স্বীকার করেছে।’’
তোফায়েল বলেন, ‘‘এখন এরকম আন্দোলনের চিন্তা করা বিএনপির জন্য আরো বড় ভুল হবে। কারণ, তারা দেশে অরাজকতা, বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করলে বাংলার মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে আইনশৃংখলা বাহিনী তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।’’
তিনি দেশের মানুষকে বিভ্রান্ত না হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আস্থা রেখে আগামী নির্বাচনে ভোট দিয়ে পুনরায় বিজয়ী করার আহ্বান জানিয়েছেন।
মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও আওয়ামী লীগকে ফের নির্বাচিত করে ক্ষমতায় বসাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘‘বাংলাদেশে গত ১০ বছর একটানা আওয়ামী লীগ সরকার ছিল। এই সময়ে যেসব উন্নয়ন সাধিত হয়েছে, তা দৃশ্যমান। এর মাধ্যমে প্রমাণ হয়েছে, পরপর দুইবার একই সরকার ক্ষমতায় থাকলে দেশে কী পরিমাণ উন্নয়ন হয়।’’
তিনি আশা প্রকাশ করেন, সরকারের এসব কাজের মূল্যায়ন করে, উন্নয়নের স্বীকৃতি দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আবার আওয়ামী লীগকে ভোট দেবে।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে মেলার উদ্বোধক হিসেবে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। সিলেট চেম্বারের পরিচালক আব্দুর রহমান জামিলের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিচালক ও মেলা আয়োজক কমিটির আহ্বায়ক মুশফিক জায়গীরদার।
বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী।
উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন, সিলেট রেঞ্জের ডিআইজি অব পুলিশ মো. কামরুল আহসান, সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, অর্থনীতিবিদ ড. আহমদ আল কবির, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।