ঢাকাWednesday , 10 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে এখন ন্যায়বিচার হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ‘বাংলাদেশে এখন ন্যায়বিচার হয়’-২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় ঘোষণার প্রতিক্রিয়ায় বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বুধবার দুপুরে বহুল আলোচিত এই মামলায় রায় ঘোষণার পর সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টায় চালানো এই হামলার বিচারের রায় পেতে কেটে গেছে ১৪টি বছর। এর মধ্যে প্রথম দুই বছর বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তদন্তের নামে যা হয়েছে, তাতে বিচার পাওয়াটাই অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়।
যদিও ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর তদন্তে জট খোলে এক দফা। বিএনপি-জামায়াত জোট সরকারের শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিণ্টুসহ ২২ জনের বিচার শুরু হয়।
এরপর ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অধিকতর তদন্তে তারেক রহমান, জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা শাহ কাজী মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, হারিছ চৌধুরী, খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউকসহ ৩০ জনকে নতুন করে আসামি করা হয়।
তদন্তে আট বছর আর শুনানির ছয় বছর পর বুধবার দেয়া রায়ে বাবর, পিণ্টুসহ ১৯ জনের ফাঁসি, তারেক রহমান, হারিছ চৌধুরী, কায়কোবাদসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। আরও ১১ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ স্বস্তির নিশ্বাস ফেলবে। দেশে বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এখানে ন্যায়বিচার হয়। ১৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচারের মধ্য দিয়ে যেমন কলঙ্কমুক্ত হয়েছিল জাতি, আজ ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়েও জাতি ফের কলঙ্কমুক্ত হলো।’
দণ্ডিত ৪৯ জনের মধ্যে তারেক রহমানসহ ১৮ জন পলাতক। এদের মধ্যে তারেক ছাড়া বাকিদের অবস্থান সম্পর্কেও নিশ্চিত নয় সরকার। তাদের দণ্ড কার্যকরের অনিশ্চয়তার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই মামলার রায়ে সাজাপ্রাপ্ত বিদেশে পলাতকদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।’
রায়ে সন্তুষ্ট কি না- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘যারা নাকি এই ধরনের জঘন্য কর্ম করবে তাদের বিচার হবে। বিচারের রায়ে যথাযথভাবে বিজ্ঞ আইনজীবীরা তুলে ধরেছেন এবং বিচারকরা সঠিক ভাবে রায় দিয়েছেন।’
‘যারা সেই সময় পুলিশের ডিউটিতে ছিলেন এবং বিভিন্ন সংস্থায় ছিলেন তাদের নামও বিচারের তালিকায় এসেছে। কেউ তাদের দায়িত্ব অবহেলা করতে পারবে না।’
রায় তাড়াতাড়ি কার্যকর করা হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।