আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় আকস্মিক দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই শ্রমিকের নাম মনির উদ্দিন বলে মঙ্গলবার মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইন জানিয়েছে। নিহত মনির জহর বারু প্রদেশের সুংগাই কানচুর এলাকার একটি পাম তেলের কারখানায় কাজ করতেন।
জহর অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ বিভাগের পরিচালক দাসুকি মোহাম্মদ হিক জানান, শুক্রবার বেলা ১১টার দিকে মনির তেল পরিবাহক যন্ত্রটির ভিতরে প্রবেশ করে সেটি পরিষ্কার করছিল। এসময় তার এক বন্ধু ও সহকর্মী মেশিনের সুইচ চালু করে দেয়। মনিরের চিৎকার শোনার পরপর তার বন্ধু সুইচ বন্ধ করে।
তিনি বলেন, ‘আহতকে পরিবাহক যন্ত্র থেকে বের করার পর দ্রুত তাকে কোটা টিঙ্গি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।
দাসুকি জানান, ওই প্রতিষ্ঠানের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য আইন লঙ্ঘন হয়ে থাকলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

