আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি বড় লিমোজিন গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়লে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮ জন ওই গাড়ির যাত্রী এবং দুইজন পথচারী। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে স্কোহারি শহরে এই দুর্ঘটনা ঘটে।
প্রথমে খবর আসে যে, লিমোজিনটি যাত্রী নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। তবে পরে পুলিশ নিশ্চিত করেছে যে, নিহতরা একটি জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এসইউভি-স্টাইলের লিমোজিনটি প্রথমে একটি জাংশনে ঢুকে পড়ে আরেকটি গাড়িকে আঘাত করে। পরে সেটি পার্শ্ববর্তী গাড়ি পার্কিংয়ের স্থানের পাশে থাকা দোকানে ঢুকে লোকজনের ওপর উঠে যায়। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
নিহতদের নাম-পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, নিহতদের মধ্যে চার বোন ও নববিবাহিত দুই দম্পতি রয়েছে। নিহতরা সবাই প্রাপ্তবয়স্ক।

