আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ পুলিশ সদস্য নিহত হয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ ওয়ারদাকতে এ ঘটনা ঘটেছে বলে রোববার আফগান কর্মকর্তারা জানিয়েছেন।
এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শনিবার রাতে তালেবানরা ওয়ারদাকের সৈয়দ আবাদ জেলায় একটি সরকারি ভবনে অগ্নিসংযোগ করেছে। তারা জেলা পুলিশ প্রধান ও নয় পুলিশ সদস্যকে হত্যা করেছে।
ওয়ারদাক গভর্নর দপ্তরের মুখপাত্র আব্দুর রহমান মঙ্গল জানিয়েছেন, ১০ পুলিশ সদস্যকে হত্যার পর তালেবান কিছু বেসামরিক লোকের বাড়িতে অভিযান চালায়। তারা নবনির্মিত তল্লাশি চৌকিটি ধ্বংস করে এবং শহরের কিছু অংশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
তিনি জানিয়েছেন, শহরের দিকে অগ্রসরমান তালেবান বাহিনীকে ঠেকাতে সরকারি সেনারা পাল্টা হামলা চালিয়েছে।
তালেবানের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, তালেবানরা সৈয়দ আবাদ শহরের কেন্দ্রস্থল এবং শহর ঘিরে থাকা সব তল্লাশি চৌকি দখল করেছে। তারা নিরাপত্তা বাহিনীর অসংখ্য সদস্যকে হত্যা করেছে এবং তাদরে অস্ত্র, গোলাবারুদ ও যানবাহন জব্দ করেছে।
চলতি সপ্তাহে আবারও ওয়ারদাকের পাশের প্রদেশ গজনি দখলে লড়াই শুরু করেছে তালেবান।
গজনির গভর্নরের মুখপাত্র মুহাম্মদ আরি নুরি জানিয়েছেন, তালেবানরা প্রদেশের কিছু অংশের নিয়ন্ত্রণের চেষ্টা করলে সরকারি সেনারা মোকাবেলার চেষ্টা করে। তালেবানদের গুলিতে এক সেনা নিহত হয়েছে।

