ঢাকাFriday , 5 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে শুরু হয়েছে হেরিটেজ হাট

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘হেরিটেজ হাট’ ফেস্টিভ্যাল শুরু হয়েছে। বাংলাদেশ হেরিটেজ ক্র্যাফটস ফাউন্ডেশনের উদ্যোগে এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে।
শুক্রবার রাজধানীর গুলশান-২ নাম্বারে ৭১ নাম্বার রোডে হাউজ ১ বিতে ৬ অক্টোবর পর্যন্ত এই ফেস্টিভ্যাল চলবে।
বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রায় অর্ধশত ধরনের তাঁতপণ্য যেমন- জামদানি, নকশিকাঁথা, বিভিন্ন পাটজাত পণ্য নিয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছেন। এতে বাংলার গৌরবময় ঐতিহ্য ও কৃষ্টির অংশ হিসেবে দৈনন্দিন জীবনে ঐতিহ্যবাহী তাঁতপণ্যের ব্যবহার প্রদর্শন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান বলেন, ‘এই ধরণের ফেস্টিভ্যালে আসতে পেরে আমি খুব আনন্দিত। আমার খুব ভালো লাগছে যে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তারা এখানে তাদের বানানো বিভিন্ন পণ্য নিয়ে এসেছেন। আমি আশা করবো ভবিষ্যতেও এই ধরণের ফেস্টিভ্যাল আরো বেশী করে করবেন আপনারা।’
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াত্ত তাবাজারা অলিভেরা জুনিয়র বলেন, ‘মাঝে মধ্যে এই ধরণের ফেস্টিভ্যাল করা খুব দরকার। তাই আমি বলবো ভবিষ্যতে এই ধরণের ফেস্টিভ্যালে আমাদের তরফ থেকে পূর্ণ সহযোগিতা থাকবে।’
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ ইসরাফিল আলম বলেন, ‘আজকের এই আয়োজন দেখে সত্যি আমি রীতিমতো মুগ্ধ হয়েছি। আজ আমি কথা দিয়ে যাচ্ছি আগামীতে এই ধরণের আয়োজনে আমি সব সময় আপনাদের পাশে থাকবো।’
তিনি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পাট খাতকে অনেক দূর নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। পাট চাষ ও পাট শিল্পের সঙ্গে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জড়িত। স্বাধীনতার পরও দেড় যুগ ধরে বৈদেশিক মুদ্রা অর্জনে পাটের অবদানই ছিল মুখ্য। পাট উৎপাদনকারী পৃথিবীর অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশের পাটের মান সবচেয়ে ভালো।’
তিনি বলেন, ‘বর্তমানে দেশে ৮ লাখ হেক্টরের বেশি জমিতে পাট এবং পাটজাতীয় ফসলের চাষাবাদ হচ্ছে। ২০১৬-১৭ অর্থবছরে কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে আয় হয়েছে ৯৬ কোটি ২৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৭ হাজার ৭০০ কোটি টাকা। চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ছয় মাসে কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে আয় হয়েছে ৫৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২১ দশমিক ৪৮ শতাংশ বেশি। সম্প্রতি পাটের আঁশের মান, দৈর্ঘ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য দায়ী চারটি জিনের পেটেন্ট (কৃতিস্বত্ব) পেয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে পাটের নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ।’
তিনি বলেন, ‘সরকার ঐতিহ্যবাহী তাঁতপণ্যের প্রচার, প্রসার এবং বাজারজাতকরণের সুযোগ সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করেছে।’
বাংলাদেশ হেরিটেজ ক্র্যাফটস ফাউন্ডেশনের সভাপতি ও ফ্যাশন ডিজাইনার টোটলি রহমান বলেন, ‘আজকের এই আয়োজন আমরা একেবারে নিজেদের উদ্যোগেই করেছি। কারো কোন সহযোগিতা নেওয়া হয়নি।’
তিনি বলেন, ‘প্রথমবারের মতো এই ফেস্টিভ্যাল করছি আমরা। আমাদের ইচ্ছে আছে প্রতি তিন মাস পর পর এই রকম ছোট পরিসরে ফেস্টিভ্যালের আয়োজন করবো এবং বছরে একবার বড় করে আয়োজন করবো।’
কেমন সাড়া পাওয়া যাচ্ছে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যতটুকু আশা করেছিলাম তার থেকে বেশি সাড়া পাচ্ছি। সকাল থেকেই আপনারা দেখেছেন অনেক দর্শণার্থী এখানে আসছেন আবার কিছু পণ্য কিনে নিয়েও যাচ্ছেন। তাই আমি বলবো আমাদের সকলের এই কয়দিনের পরিশ্রম সার্থক হচ্ছে।’
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেরিটেজ ক্র্যাফটস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও টিভি অভিনেত্রী আলিশা প্রধান ও সংগঠনটির সদস্যরা।