আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাতে এক বন্দুকধারীর ছোড়া গুলিতে সাত পুলিশ কর্মকর্তা বিদ্ধ হয়েছে। এদের মধ্যে একজন নিহত হয়েছে। বুধবার অঙ্গরাজ্যটির ফ্লোরেন্স শহরে এ ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছে।
স্থানীয় শেরিফের অফিস থেকে চাওয়া সাহায্যের ডাকে সাড়া দিয়ে ঘটনাস্থলে গিয়েছিল ফ্লোরেন্স শহর পুলিশ সদস্যরা। ঘটনাস্থলে এক বন্দুকধারী শিশুদের জিম্মি করে রাখে ও গোলাগুলির কারণে দুই ঘন্টা ধরে অচলাবস্থা ছিল। পরে ওই গুলিবর্ষণকারীর আত্মসমর্পণ করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পরিচয় প্রকাশ করা হয়নি এবং তার উদ্দেশ্যও পরিষ্কার নয়। উদ্ধার করা শিশুরা নিরাপদে রয়েছে।
সংবাদ সম্মেলনে ফ্লোরেন্সের কাউন্টি শেরিফ কেনি বুন জানিয়েছেন, তিন কাউন্টি শেরিফ ডেপুটি ও ফ্লোরেন্স শহর পুলিশের চার কর্মকর্তা গুলিবিদ্ধ হন। এদের মধ্যে শহর পুলিশের এক কর্মকর্তা মারা যান।
কেনি বুন বলেন, ‘সন্দেহভাজন ব্যক্তিটির কাছে অস্ত্র থাকার বিষয়টি না জেনেই এই কর্মকর্তারা সেখানে গিয়েছিলেন। তারা ভেবেছিলেন, এটা গণতল্লাশির পরোয়ানা।’

